রংপুরের পীরগাছা উপজেলায় রেললাইনের পাশে চিরকুটসহ এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩১ মে) দুপুরে পীরগাছা উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ী রেলগেটের মধ্যবর্তী স্থানে ট্রেনের নিচে মাথা দিয়ে এক যুবক আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা বিষয়টি পীরগাছা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহের পাশে পাওয়া একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন। মরদেহের হাতে মেহেদি দিয়ে লেখা ছিল হোসাইন। তবে প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম মুন বলেন, মরদেহের এখনও পুরোপুরি পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।