রাজধানীর উত্তরায় আবাসিক হোটেলের পঞ্চম তলা থেকে নিচে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে অবস্থিত হোটেল অ্যাম্বাসেডর ভবনে এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান সিয়াম (১৭) ময়মনসিংহের মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন পুলিশ জানতে পেরেছে।
অন্যদিকে আটক তিনজন হলেন রিসান (২৩), মিম চৌধুরী (২০) ও আমিরা খান (২২)।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, সিয়াম ও তার বন্ধুরা শুটিংয়ের জন্য পাঁচ দিন আগে ওই হোটেলে ওঠেন। এর আগেও তারা সেখানে ছিলেন। তারা মডেলিংয়ের কাজ করতেন বলে পুলিশ জানতে পেরেছে। হোটেল থেকে বিভিন্ন স্থানে শুটিংয়ে যেতেন তারা।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার বিকেলে হোটেল অ্যাম্বাসেডরের পঞ্চম তলায় সেলফি তুলতে গিয়ে একটি কক্ষের জানালার গ্রিলের ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান সিয়াম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দিবাগত রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে রবিবার সকালে সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে এসআই আলমগীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিসান ও মিমের মধ্যে সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। তবে নিহত সিয়ামের সঙ্গে আমিরার কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আমিরাকে জিজ্ঞাসা করা হলে সিয়াম তার পূর্বপরিচিত ছিলেন বলে জানান।
এদিকে সিয়ামের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এসআই বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।