রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
আহত আদর আলী (১৭) বরিশালের সদর থানার কুন্দিয়ালপাড়া এলাকার উজ্জ্বল চৌধুরীর ছেলে। সে দক্ষিণ বাড্ডায় তার নানাবাড়িতে থাকে।
পরিবার জানায়, গাজী মোটরসের পাশের সড়ক দিয়ে আদর হেঁটে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। পরে ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আদরের বাবা উজ্জ্বল জানান, ককটেল বিস্ফোরণে আহত হওয়ার পর স্বজনরা আদরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫টার দিকে তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বিস্ফোরণে ওই কিশোরের শরীরের প্রায় আট শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া পিঠ, বাম হাত ও বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে স্প্লিন্টারের আঘাত লেগেছে।
তিনি আরও জানান, বর্তমানে আদর ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে চিকিৎসা নিচ্ছে।