রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টির একটি দোকানে বিপুল পরিমাণ স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ব্যবসায়ীদের ধারণা, এ দোকানে কয়েক কোটি টাকার স্বর্ণালঙ্কার ছিল।
আজ (শনিবার) সকালে দোকান খোলার সময় প্রথম ঘটনাটি ধরা পড়ে। পরে দেখা যায়, আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্সের মধ্যবর্তী পার্টিশন দেয়াল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে বলে স্থানীয়রা দাবি করে।
পুলিশের ধারণা, প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢোকে চক্রটি। পরে সেখান থেকে দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে এবং সিন্ধুক ভেঙে স্বর্ণালংকার লুট করে নেয়। বের হওয়ার সময় তারা আবার আফিয়া জুয়েলার্সে তালা লাগিয়ে যায়।
কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার সকালে দোকান খুলতে এসে ভেতরের এলোমেলো অবস্থা দেখে ডাকাতির বিষয়টি নিশ্চিত হন। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের ব্যবসায়ীরাও ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের সব দোকান বন্ধ করে প্রতিবাদ জানান।
পুলিশ জানায়, ঠিক কত পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট হয়েছে, তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। দোকান কর্তৃপক্ষ হিসাব-নিকাশ শেষে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানাবে। তবে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ব্যবসায়ীদের ধারণা, এটি পরিকল্পিত একটি সংঘবদ্ধ ডাকাতি। দোকানের বিন্যাস ও ভেতরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই চক্রটি জানত বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থল ঘিরে বিভিন্ন ধরনের সন্দেহও তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, আশপাশের স্থাপনা থেকে দীর্ঘদিন পর্যবেক্ষণ করে ডাকাতচক্র পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তবে এসব বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বোয়ালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি সংঘবদ্ধ চক্রের কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে, ঘটনার পর স্বর্ণপট্টি এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
ঘটনার প্রতিবাদে দুপুরে জুয়েলার্স সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিলও করা হয়। ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে লুট হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার না হওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি।