লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সিদ্দিকুর রহমানের স্ত্রী মানসুরা বেগম (৫০), লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নুর মোহাম্মদের ছেলে বাবুল ও রামগতি উপজেলার আশিক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনজুর বলেন, বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে মৃত অবস্থায় পান। সদর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় এসেছেন অন্তত ১৫ জন।
আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান চিকিৎসক।
এদিকে আহত যাত্রীদের অভিযোগ, ভাঙা সড়কে চালকের বেপরোয়া গতির কারণেই বাসটি উল্টে যায়।