সিলেটে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হবিগঞ্জের ৫ মাস বয়সী রুপায়ন ও সুনামগঞ্জের ৩ মাস বয়সী অর্পনা—তারা দুজনই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৬৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন ও মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের।