সংযুক্ত আরব আমিরাতে চলমান সংঘাতময় পরিস্থিতিতে দেশটির নেতৃত্ব ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে পাঠানো এক চিঠিতে এ সংহতি জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত চিঠিটি হস্তান্তর করেন।
চিঠিতে প্রধানমন্ত্রী দেশটিতে সাম্প্রতিক হামলায় প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দেওয়া এবং তাদের নিরাপত্তা ও কল্যাণে দেশটির সরকারের নেওয়া পদক্ষেপের জন্য চিঠিতে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান পুনর্ব্যক্ত করেছেন যে, সংযুক্ত আরব আমিরাত প্রয়োজন মনে করলে যেকোনো ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। একইসঙ্গে দেশটির প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।