তুরস্কের আনতালিয়ায় কপ-৩১-এ বিশ্বনেতাদের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, আনতালিয়া এক্সিবিশন সেন্টারে স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি এ সম্মেলনে যোগ দেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৫০টির বেশি দেশের সরকারপ্রধান অংশ নিচ্ছেন।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান তারেক রহমান। সেখানে আয়োজকেরা তাকে স্বাগত জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে লিডার্স লাউঞ্জে সমবেত হন বিশ্বনেতারা। সেখানে তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক আলাপচারিতা হয়।
তারেক রহমানও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এসব অনানুষ্ঠানিক আলাপচারিতায় যোগ দেন।
বিশ্বনেতাদের সম্মেলন শেষে বিকেলে জিরো ওয়েস্ট গোলটেবিল বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এছাড়া সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক করার কথা রয়েছে বলে জানিয়েছেন হাসান শিপলু।
সন্ধ্যায় সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তারেক রহমান।
তিন দিনের সফরে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীদের নিয়ে মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
এ সম্মেলনে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন বিশ্বনেতারা। জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা এখনও অপর্যাপ্ত ও অত্যন্ত ধীরগতির—এমন উদ্বেগের মধ্যেই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
অস্ট্রেলিয়ার নেতৃত্বে আলোচনা ও তুরস্কের আয়োজনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যা ২০ নভেম্বর পর্যন্ত চলবে।