বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সম্মেলনকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
রুমন জানান, সাক্ষাৎকালে স্কাউটের নেতারা তাদের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী স্কাউটের কর্মপরিকল্পনা শুনেছেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন।
প্রতিনিধিদল আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক স্কাউট সম্মেলন সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীকে একটি স্কাউট স্কার্ফ পরিয়ে দেওয়া হয়।
এ সময় স্কাউট প্রতিনিধিরা তাদের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং এসব কার্যক্রম পরিচালনায় সরকারের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।
বৈঠকে শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহসানুল হকসহ জাতীয় স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।