বেকারত্ব কমাতে শুধু সনদধারী শিক্ষিত মানুষের সংখ্যা না বাড়িয়ে উচ্চশিক্ষাকে দক্ষতাভিত্তিক, ব্যবহারিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতিবছর সনদধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।’
শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। নতুন প্রযুক্তি দ্রুত কর্মক্ষেত্রের ধরন বদলে দিচ্ছে এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করছে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা ও পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎ নতুনভাবে গড়ে দিচ্ছে।
তারেক রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা বেড়ে প্রায় আড়াই হাজার হয়েছে এবং উচ্চশিক্ষার সুযোগও বিস্তৃত হয়েছে। তবে শিক্ষার মান নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
এ সময় তিনি স্মরণ করেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবাইকে সম্মিলিতভাবে এ ব্যবস্থা পুনর্গঠন করে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে হবে।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নে কলেজের অধ্যক্ষদের নেতৃত্ব দিতে হবে।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষকদের খাপ খাইয়ে নিতে নিয়মিত প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তার মতে, শিক্ষককেন্দ্রিক পদ্ধতি থেকে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে ‘ট্রেইন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞানের ঘাটতি শিক্ষিত বেকারত্বের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্পপ্রতিষ্ঠান সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরে সহায়তা করবে।
তিনি আরও বলেন, শ্রেণিকক্ষ হবে জ্ঞান ও উদ্ভাবনের কেন্দ্র, গবেষণাগার হবে নতুন সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্র এবং শিল্পপ্রতিষ্ঠান হবে অর্জিত জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরের কার্যকর পাঠশালা।
শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের জন্য বাস্তব কর্মক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য তিনি শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
সেই সঙ্গে শিক্ষার্থীদের কর্মক্ষেত্র সম্পর্কে বাস্তব ধারণা দিতে দক্ষ ও অভিজ্ঞ শিল্প কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানোর বিষয়টি কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিবেচনা করতে বলেন তিনি।
তার মতে, এসব সুযোগ পেলে স্নাতকরা পড়াশোনা শেষে চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি, প্রযুক্তির উন্নয়ন এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে মানবিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তারেক রহমান।
তিনি বলেন, শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।
শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি।
বিশ্বের শ্রমবাজারে শিক্ষার্থীদের সম্ভাবনা বাড়াতে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, ইতালীয়সহ বিদেশি ভাষা শেখার সুযোগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
কলেজগুলোতে শিক্ষকের ঘাটতি চিহ্নিত করা, শূন্য পদ পূরণ, শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।
সরকারের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উপযোগিতা রয়েছে, সেসব কলেজকে এ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান।
শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতেও বলেন তিনি।
এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিস্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধমুক্ত রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। তবে তা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে।
আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থের প্রতিও কলেজ কর্তৃপক্ষকে সচেতন হওয়ার আহ্বান জানান তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যা জ্ঞানে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে।