দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১টি শিশু।
শনিবার (২৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ময়মনসিংহ থেকে ২৪ ঘণ্টায় হামজনিত রোগের উপসর্গে ১ হাজার ৩৯ জন শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল। ফলে এক দিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হওয়ার বিষয়টি সামনে আসে। তবে সন্ধ্যা ৬টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে তথ্যটি সংশোধন করার ফলে এ প্রতিবেদনে তা সমন্বয় করা হলো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪২৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৮৬টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫১২টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৪৯টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৭২। এই সময়ে ১ হাজার ৮৭৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬০০টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬২ হাজার ৫০৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৪৯৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪৯ হাজার ৩৮৯ রোগী, যাদের মধ্যে ৪৫ হাজার ১১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।