কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) টাঙ্গাইল সদর উপজেলার শহিদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম পরীক্ষামূলকভাবে উদ্বোধন করবেন।
প্রাথমিক পর্যায়ে দেশের ১০টি উপজেলায় একযোগে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
উপজেলাগুলো হলো— টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, জামালপুরের ইসলামপুর, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লার আদর্শ সদর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং কক্সবাজারের টেকনাফ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশব্যাপী এই কর্মসূচি পূর্ণাঙ্গভাবে চালুর আগে প্রাথমিক বাস্তবায়ন প্রচেষ্টার অংশ হিসেবে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হচ্ছে।