কেনিয়ার একটি প্রধান মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
রাজধানী নাইরোবির সঙ্গে উপকূলীয় শহর মোম্বাসাকে যুক্ত করা মহাসড়কে স্থানীয় সময় রবিবার (২৫ অক্টোবর) সকালে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটির যাত্রীরা শেষকৃত্য থেকে ফিরছিলেন বলে জানা গেছে।
এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মাকুয়েনি কাউন্টির কমিশনার আবদুল্লাহি খালিফ।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। কেনিয়ায় সড়ক দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি ও সড়কের খারাপ অবস্থাকে আগেও দায়ী করা হয়েছে।
তিন সপ্তাহ আগেও একই মহাসড়কে আরেকটি দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছিল।
কেনিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটি জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি মহাসড়কের একটি চিহ্নিত দুর্ঘটনাপ্রবণ এলাকা। সেখানকার সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দূর করতে প্রয়োজনীয় সুপারিশও করা হয়েছিল।