১২ ফেব্রুয়ারির গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) খুলনার শিববাড়ী মোড়ে ১১ দলীয় জোট আয়োজিত লংমার্চের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেওয়া হবে।
এ সময় প্রয়োজনে ডাক দেওয়া হলে গ্রাম-বাংলার মানুষকে ঢাকায় যাওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতা জোর দিয়ে বলেন, ‘আমাদের দাবিগুলো কোনো দলীয় বা নির্বাচনি দাবি নয়; বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থপাচার রোধ ও কৃষকের সার নিশ্চিত করার দাবিতে আমরা মাঠে নেমেছি।’
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর প্রশ্ন তোলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন কেন গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।
এ সময় গ্যাস ও বিদ্যুতের বিলের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ তৈরির অভিযোগ করেন তিনি।
খুলনা মহানগর জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল।
এর আগে দিনের শুরুতে এক হাজারের বেশি যানবাহন নিয়ে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু হয়।