খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে এক মাছের ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে জোড়া বটতলা এলাকায় গফফার সানার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম (৩৫) ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে তরিকুল জোড়া বটতলা এলাকার ওই চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তার মাথায় গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।