গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিশু, নারীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কোনাবাড়ী থেকে মোটরসাইকেলে করে তিনজন চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তসহ এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।