দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আলামিন (১৫), একই উপজেলার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনির সমেশ উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (২০)।
স্থানীয়রা জানান, নিহত তিনজনই নির্মাণশ্রমিক ছিলেন। স্থানীয় কলাবাড়ী এলাকায় কাজে যাওয়ার সময় ট্রাকচাপায় তারা নিহত হন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উপজেলার রানীগঞ্জ এলাকায় একটি গলিপথ থেকে মূল সড়কে ওঠার সময় তিন আরোহীবাহী মোটরসাইকেলটিকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মুশফিক নিহত হন।
পরে আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে ভর্তি করার পর আরেকজন মারা যান বলে জানান তিনি।
ওসি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস পরিদর্শক আতাউর রহমান জানান, ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম মুশফিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।