নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শাহ মোস্তফা আলমগীরকে (৫৫) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আকতার হোসেন বলেন, ডিবির গুলশান বিভাগের একটি দল সকাল ৭টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
ডিবি গুলশান জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকও ছিলেন।
এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
সাম্প্রতিক সময়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডে আলমগীরের জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা।
আটক মোস্তফা আলমগীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।