ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর-ঢাকা-বরিশাল মহাসড়কের পুখরিয়া বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় সড়কের দুই প্রান্ত থেকে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপের ফলে প্রায় দেড় ঘণ্টাব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে বহু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুখরিয়া বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে গ্রাম্য আধিপত্য নিয়ে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মৌজী মহসরদি গ্রামবাসীর সঙ্গে মানিকদি ইউনয়নের পুখরিয়া, ব্রাহ্মনকান্দাসহ ৫ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে কয়েক গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এ সময় কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।