সিলেটে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ২০০ জনে পৌঁছেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় এসব তথ্য জানিয়েছে।
মারা যাওয়া তিন শিশু হলো— সিলেটের বিয়ানীবাজারের শহীদুল ইসলামের ১ বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জের মকবুল হোসাইনের ৯ মাস বয়সী ছেলে জিসান আহমেদ এবং হবিগঞ্জ সদরের মিজানুর রহমানের ৩ মাস ২৪ দিন বয়সী শিশু জায়ান। তারা সবাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
সিলেট বিভাগে এ নিয়ে এ বছর হাম ও হামের উপসর্গে ২০০ জন মারা গেছে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৮৩ জন এবং বাকি তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ৩২ ও মৌলভীবাজারে ১৬ জন মারা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে একদিনে ৯৪ জন হামের উপসর্গে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৩২ জন রোগী চিকিৎসাধীন।
এদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬ জন, ওসমানী মেডিকেলে ১৭৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেলে ১৬ জন, পার্কভিউ মেডিকেলে ২০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন এবং বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছে।
চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।