সৌদি আরবের রিয়াদের শিফা থানা এলাকার সোফা কারখানার অগ্নিকাণ্ডে নওগাঁর নিহত আরও ৩ জনের পরিচয় মিলেছে। এ নিয়ে ওই সোফা কারখানায় নিহত ১৬ জনের মধ্যে নওগাঁর ১৩ জনের পরিচয় মিলেছে।
সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল (রবিাবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি এ ঘটনায় নিহত নওগাঁর ১০ জনের নাম-পরিচয় নিশ্চিত করেন।
পরিচয় পাওয়া ১৩ জন নিহতের মধ্যে আত্রাই উপজেলার ১২ জন এবং নওগাঁ সদর উপজেলার একজন প্রবাসী রয়েছেন।
নিহতরা হলেন—নওগাঁর আত্রাই উপজেলার বোয়ালা গ্রামের মিনহাজুল ইসলাম, একই গ্রামের হৃদয় হোসেন ও নওগাঁ সদর উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকার মজনুর রহমানের ছেলে মোহাম্মদ শাহিন হোসেন, নওগাঁর আত্রাই উপজেলার পাচুপুর ইউনিয়নের পারকাসু্ন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের বাদল হোসেনের ছেলে সুমন হোসেন, ডুবাই গ্রামের সাগর হোসেন, চঞ্চল হাসানের ছেলে হাসিবুল হাসান শুভ, মাধবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মজিদুল ইসলাম, কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের গোফফার প্রামাণিকের ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামানিক, জাননার হোসেনের ছেলে রুবেল হোসেন, ফজলু প্রামাণিকের ছেলে কলি উদ্দিন প্রামানিক এবং সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ। নিহতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন জানায়, নওগাঁর বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদের মানফুয়া এলাকার ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। রবিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ভয়াবহ আকার ধারণ করে। এ অগ্নিদুর্ঘটনায় ১৬ জন নিহত হন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘নিহতদের মধ্যে এখন পর্যন্ত আত্রাই উপজেলার ১২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসন এবং মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’
নিহতরা সবাই জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। অনেক পরিবার এখনও তাদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে। প্রবাসের মাটিতে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের এমন করুণ মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।