কোনো ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার এ কথা বলেন।
ড. বজলুর রশীদ বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে মোতায়েন করেছি ও প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করছি, তাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা কম।
তিনি জানান, রাজশাহী বিভাগে ৩৯টি সংসদীয় আসনে ভোটার এক কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৫০৪টি যার মধ্যে ১ হাজার ৭৬৭টি গুরুত্বপূর্ণ। নির্বাচনে রাজশাহী বিভাগজুড়ে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন মোট ১ লাখ ৪ হাজার ৬৬ জন সদস্য যার মধ্যে রয়েছেন ১০ হাজার সেনাসদস্য, বিজিবি ৪ হাজার ১২৩ সদস্য, রেঞ্জ পুলিশের ১৩ হাজার ৭৯৬ সদস্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৪০৫ সদস্য, স্পেশাল ইন্টারভেনশন ফোর্সের (সাবেক র্যাব) ১ হাজার ৬ জন এবং ৭২ হাজার ৭৩৬ জন আনসার। প্রতি আসনে গড়ে ২ হাজার ৬৬৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।
তিনি আরও বলেন, ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনা রোধে ৫ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসি টিভি এবং ২ হাজার ৩১৮টি বডি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।