জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটিতে প্রতিনিধি মনোনয়ন দিতে বিরোধী দলকে আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটির সপ্তম বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য গড়ে তোলা, সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জনগণের প্রত্যাশা পূরণ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার রক্ষায় সংবিধানের প্রয়োজনীয় সংশোধন এগিয়ে নেওয়ার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা শিক্ষকদের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সংবিধান বিশেষজ্ঞরা বৈঠকে অংশ নিয়ে সংবিধান সংশোধনের বিষয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সংবিধান সংশোধনের কার্যকর পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা ও এখতিয়ার, জনগণের সার্বভৌমত্ব এবং মৌলিক অধিকার সুরক্ষার বিষয়ে তারা মতবিনিময় করেন।
রাষ্ট্রকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদের উচ্চকক্ষ প্রবর্তন এবং প্রস্তাবিত এই কক্ষে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সম্ভাব্য পদ্ধতি নিয়েও আলোচনা হয়।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন কমিটির সদস্যরা।
বৈঠকে কয়েকজন অংশগ্রহণকারী ইতোমধ্যে তাদের লিখিত মতামত জমা দিয়েছেন। অন্যদের কোনো প্রস্তাব থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে তা কমিটির কাছে জমা দিতে অনুরোধ জানানো হয়।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য গড়ে তোলা এবং সংবিধান সংশোধনের প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার গুরুত্বও বৈঠকে তুলে ধরা হয়।
বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, শাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল।