কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলার সময় একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল-আরোহীর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।
দুর্ঘটনা সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতরা হলেন— ঢাকা মহানগরের উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।
দুর্ঘটনার বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুইজন নিহত এবং একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।