নওগাঁর নিয়ামতপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২০) ও একই ইউনিয়নের সাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে নুরুল ইসলাম ওরফে নুর সালাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুরগামী সড়কে সাংগৈল ও মোহাম্মদপুর গ্রামের মাঝামাঝি এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলচালক নিহত হন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলেও জানান তিনি।