রাজধানীর নয়াপল্টনে এসির কম্প্রেসর বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের সচিন বর্মনের ছেলে।
নিহতের ভাই অনিক বর্মন জানান, সকালে কর্মস্থলে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। একপর্যায়ে হঠাৎ এসিটির কম্প্রেসর বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।