ফরিদপুরে পার্ক করে রাখা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে বাসটির চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যরাতে শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কালাচান শেখ (৫৫) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। ৩০ বছর ধরে বাসচালক হিসেবে কাজ করেছেন তিনি।
পুলিশ ও বাসশ্রমিকরা জানান, কালাচান পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে থাকতেন। তবে কাজ শেষে বেশি রাত হয়ে গেলে তিনি বাসটিতেই ঘুমাতেন।
ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, রাত পৌনে ২টার দিকে তিনজন মোটরসাইকেলে করে আসে এবং তাদের মধ্যে একজন বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক সরাসরি দগ্ধ হননি। তিনি দ্রুত বাস থেকে বেরিয়ে আসলেও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন, বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলেও জানান তিনি।
ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বলেন, রাতে বাসস্ট্যান্ডের পাশেই বাসটি পার্ক করে ভেতরে ঘুমাচ্ছিলেন কালাচান। বাসটিতে আগুন দেওয়া হলে তার একটি হাত পুড়ে যায়। এ সময় তিনি দৌড়ে বাস থেকে নেমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন।
তিনি আরও বলেন, একপর্যায়ে কালাচান অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার পর শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।