ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গোলাবাড়ীতে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ওসি আরও জানান, ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি আউলিয়া নগর স্টেশনে দাঁড়িয়ে আছে।
এদিকে বগিটি উদ্ধারে একটি রিলিফ ট্রেন ময়মনসিংহ থেকে রওনা হয়েছে।