বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে নিজ পৈতৃক গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে নশিপুরে কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে ‘চৌকিদহ’ খালের খনন কাজের সূচনা করেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রী বাগবাড়ির শহিদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ৯১১ জনের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন।
এ অনুষ্ঠানে বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমান দাঁড়িয়ে এই সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান। সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং উপস্থিত সমর্থকরাও এতে যোগ দেন।
নারীর ক্ষমতায়নের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নে বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে গত ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এই কর্মসূচিটি বর্তমানে ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় আগামী জুন মাসের মধ্যে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবে।
এই কার্ডগুলোতে স্পর্শবিহীন চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কার্ডগুলো পরিবারের মা অথবা নারী প্রধানের নামে ইস্যু করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে এই ব্যবস্থাকে একটি সর্বজনীন সোশাল আইডি কার্ডে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের।