লালমনিরহাট জেলা শহরে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২২ মার্চ) সকালে শহরের বিজিবি ক্যান্টিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী তিশা এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ আটজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ট্রাফিক পুলিশ, বিজিবি সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ঘাতক বাসটি আটক করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।