জামালপুরে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে আসামি আব্দুস সাত্তার (৪২), আব্দুল মালেক (৪৪) ও আনোয়ার হোসেন আনুকে (৩২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালতত। সেই সঙ্গে অপহরণের দায়ে তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক মো. আব্দুর রহিম এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক জানান, জমালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া গ্রামের ২ সন্তানের মা ওই স্বামী পরিত্যক্তা গৃহবধূ একাই তার বাড়িতে বসবাস করতেন। এই সুযোগে পাশের শংকরপুর গ্রামের আব্দুস সাত্তার প্রায়ই তাকে কুস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন। ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত ১১টার দিকে আব্দুস সাত্তার, আব্দুল মালেক ও আনোয়ার হোসেনসহ ৪-৫ জনের একটি দল ভুক্তভোগীর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যান। পরে গ্রামের একটি নির্জন বাঁশঝাড়ের নিচে আসামিরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী নিজে বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা করেন। মামলাটি নিষ্পত্তির জন্য জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ আসে। মামলার ১৮ সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।