নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইকারী দলের আরও ৫ সদস্যকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় নামক স্থানে ছিনতাইয়ের চেষ্টা করার সময় স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
আজ (শনিবার) দুপুরে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন— নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সানা মণ্ডল (২২) এবং একই গ্রামের রাব্বি হাসান (১৯)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শুক্রবার রাতে গোনা এলাকার মাহবুব নামের এক মোটরসাইকেল আরোহী রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে গোনা মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ৮ জন ছিনতাইকারী তাকে ধাওয়া করেন। এ সময় মাহবুবের পেছনে বসা যাত্রীর চিৎকারে স্থানীয় জনগণের পাশাপাশি পুলিশও এগিয়ে আসে। সে সময় ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করেন।
তিনি আরও বলেন, পরে ছিনতাইকারীদের ধাওয়া করে উপজেলার খট্টেশ্বর এলাকা থেকে জনগণের সহযোগিতায় তাদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ৩ জন একটি মোটরসাইকেলে ছিলেন। সে সময় অপর দুই মোটরসাইকেলে থাকা আরও ৫ ছিনতাইকারী পালিয়ে যান।
ওসি বলেন, তারা মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যেই এসেছিল। চালক মাহবুবকে ধরতে পারলে হয়তো মারধর করে তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যেত। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর পালিয়ে যাওয়া পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।