বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে।
রোহিঙ্গা শিবির পরিদর্শনে তার এই সফর মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট জনবহুল বাংলাদেশের ওপর ব্যাপক আর্থসামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে।
রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।
এ সময় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ডাচেস অব এডিনবার্গ তার তিন দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা শিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংসহ (বিপসট) বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
এ সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানের প্রশংসা করেন।
অন্যদিকে ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।