দিনাজপুরে প্রতিবেশীদের মধ্যে জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে চিরিরবন্দর উপজেলার নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন রায় (৫৫) উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া এলাকার অশিম চন্দ্র রায়ের ছেলে। তিনি পূর্ব সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, বেলা ২টার দিকে নয়া মোল্লাপাড়া গ্রামে জমি নিয়ে রোমান এবং তার প্রতিবেশী আসাদুজ্জামান ও তার সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে মনোরঞ্জন সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু আসাদুজ্জামান ও তার সমর্থকরা গাছের ডাল ও লাঠি দিয়ে মনোরঞ্জনকে মারধর করেন।
রোমান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পার্বতীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ঘটনাস্থলেই মনোরঞ্জনের মৃত্যু হয় বলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ আসাদুজ্জামানকে আটক করেছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নজরদারিতে সাদা পোশাকে গোয়েন্দা কর্মকর্তাদের তৎপরতা জোরদার করা হয়েছে।