প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামের এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. গাজিউর রহমান জানান, গোয়েন্দা বিভাগ, এসআরবি ও অন্যান্য সংশ্লিষ্ট ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আবু বকরকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে। ওই দিন বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী বাসে করে নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তিনি।
প্রধানমন্ত্রীর যাতায়াতে ব্যবহৃত বাসের ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। সেখানে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। পরে ওই মন্তব্যের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও আটকে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।