রংপুরে বজ্রপাতে পৃথক এলাকায় রহমত উল্যাহ (৩৫) ও আব্দুর রশিদ (৪৮) নামে দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় খোরশেদ আলম নামে আরও এক কৃষক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১২ জুন) দুপুরে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর এলাকা ও বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বলেন, বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষক আব্দুর রশিদ ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে, আজ (শুক্রবার) দুপুরে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকায় বজ্রপাতে একজন কৃষক নিহত ও আরেকজন কৃষক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রহমত উল্যাহ, খোরশেদ আলমসহ কয়েকজন কৃষক মাঠে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। কিছুক্ষণ পর বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ নিহত হন। খোরশেদ আলম গুরুতর আহত হন। একই ঘটনায় বজ্রপাতে ছয়টি ছাগলও মারা যায়।
পরে স্থানীয়রা আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিকে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’