রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিকূল আবহাওয়া বিরাজ করলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উদযাপন নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে, যেখানে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।’
আবদুস সালাম বলেন, ‘পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশপথ, অযুখানা এবং নামাজের জায়গার ব্যবস্থা থাকবে। এছাড়া মুসল্লিদের প্রবেশের জন্য মোট চারটি ও বের হওয়ার জন্য মোট সাতটি গেটের ব্যবস্থা রাখা হয়েছে।’