সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার গোবরীনা লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফি মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৫০), ঢাকার বিক্রমপুর এলাকার জাহাঙ্গীর শেখের ৩ বছর বয়সী কন্যা শিশু জাইফা ইসলাম ও সিলেট মহানগরের সোবানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২)।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির ৭ জন যাত্রী নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত উদ্ধার করা হয়। গুরুতর আহত ৩ বছর বয়সী শিশু জাইফাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একে একে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
ওসি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের সবার পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।