সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।
মঙ্গলবার (১২ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেট থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ৭ মাস এবং অন্যজনের ১০ মাস। ৭ মাস বয়সী শিশুটির বাড়ি সিলেট জেলায় এবং ১০ মাস বয়সী শিশুটির বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩০ জন ভর্তি হয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ ও হাম নিয়ে ২৮৯ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন রোগী ভর্তি আছে। এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালেও রোগীরা ভর্তি রয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত সিলেট বিভাগে ১৪৭ জনের হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৭৩ জন, সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১৬ জন হামে আক্রান্ত হয়েছে।
গতকাল (সোমবার) সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ল্যাবে নতুন করে কোনো রোগীর হাম শনাক্ত হয়নি বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।